মৌলবাদী গোষ্ঠীর বিরুদ্ধে মণিপুর পুলিশের হুঁশিয়ারি

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৫

কট্টরপন্থী মেইতি গ্রুপ আরামবাই টেঙ্গোল (এটি) এবং অন্যান্য সমাজ বিরোধী গোষ্ঠী যারা হামলা ও চাঁদাবাজির মতো অপরাধে জড়িত তাদের বিরুদ্ধে অবস্থান কঠোর করার ঘোষণা দিয়েছে মণিপুর পুলিশ। বৃহস্পতিবার তারা বলেছে, প্রয়োজনে সেনাবাহিনী ও অন্যান্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।

রাজ্য পুলিশ অফিসারের ওপর হামলার পর এমন কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে মণিপুর পুলিশ। খবর টেলিগ্রাফ অনলাইনের।

কঠোর বিবৃতিতে মণিপুর পুলিশ আরও বলেছে, তারা একটি নিরপেক্ষ বাহিনী। তারা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে বা কারো পক্ষে কাজ করে না। মণিপুর পুলিশ সর্বদা জনগণের জীবন ও সম্পত্তি রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, জনসাধারণকে বিভ্রান্ত করা উচিত নয়। রাজ্যে শান্তি ও প্রশান্তি ফিরিয়ে আনতে মণিপুর পুলিশকে সহযোগিতা করতে হবে। আগামী দিনগুলোতে চিরুনি অভিযান অব্যাহত থাকবে। এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য দায়ী কাউকে ছাড় দেওয়া হবে না। মণিপুর পুলিশকে লক্ষ্যবস্তু করার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী ও অন্যান্য কেন্দ্রীয় বাহিনীকে ডাকার প্রয়োজনীয়তা বাড়াতে হবে।

দুই দিন আগে মণিপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোইরাংথেম অমিত সিংয়ের উপর এটি সদস্যদের হামলার পরিপ্রেক্ষিতে এই বিবৃতি দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এসএটি