নড়াইলের কালিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নিলয় মোল্লা (১৫) নামের অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। শুক্রবার (১ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার নড়াগাতি থানার তালবাড়িয়া গ্রামে এ হত্যাকাণ্ডর ঘটনা ঘটে।
নিহত নিলয় মোল্লা নড়াগাতি থানার টোনা গ্রামের সাবেক পুলিশ সদস্য সুলতান আহমেদ মোল্লার (পিকু মোল্লা) ছেলে। সে টোনা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। এ সময় নিলয় মোল্লার সঙ্গে থাকা তামিম খান নামে অপর এক শিক্ষার্থীও আহত হয়। তামিম একই গ্রামের ইকরাম খানের ছেলে।
জানা গেছে, উপজেলার ব্রাহ্মণপাটনা গ্রামের কামরুল খানের ছেলে শাকিল খান (১৭) ১৫ দিন আগে টোনা গ্রামের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ুয়া এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে। এ ঘটনায় নিলয় প্রতিবাদ করে। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেয়। এ ঘটনায় শাকিল নিলয়কে দেখে নেওয়ার হুমকি দেয়। এর জের ধরে শুক্রবার রাতে নিলয় মোল্লা ও তামিম খান পার্শ্ববর্তী তালবাড়িয়া গ্রামে ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা শাকিল খান ও তার সঙ্গীরা নিলয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিলয়কে মৃত ঘোষণা করে।
নড়াগাতি থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, লাশ ময়নাতদন্ত করার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো কোনো অভিযোগ পায়নি। তবে আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
