জাতীয় দলে ফেরা প্রসঙ্গে যা বললেন তামিম

আপডেট : ০২ মার্চ ২০২৪, ১৩:১৬

জাতীয় দল থেকে আচমকা অবসর নিয়েছিলেন তামিম ইকবাল। এরপর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়ে অবসর ভেঙে জাতীয় দলে ফেরেন দেশসেরা এই ওপেনার। তবে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের দল থেকে বাদ পড়েন তিনি। এরপর আর জাতীয় দলে ফেরেননি তামিম। তার জাতীয় দলে ফেরা নিয়ে রয়েছে ধোঁয়াশা। জাতীয় দলে ফিরবেন কিনা এই প্রসঙ্গে বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তামিম।

বিপিএলের দশম আসরের শিরোপা জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম। সেখানে তিনি বলেন, ‘না, আমার সঙ্গে তার কোনো কথাবার্তা হয় নাই (নতুন প্রধান নির্বাচকের সঙ্গে)। আমার সঙ্গে জালাল ভাইয়ের (জালাল ইউনুস) কথা হয়েছে। আমি কথা বলার জন্য এভেইলেবল ছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সম্ভবত, আমার সঙ্গে বসার কথা ছিল। কিন্তু আমাদের যোগাযোগ আছে। আমি আগামীকাল (আজ) সকালে আবার দেশের বাইরে চলে যাচ্ছি। আশা করি আসার পর আবার আমরা বসব।’

কিছু বিষয়ের সমাধান চাওয়ার ইঙ্গিত দিয়ে তামিম আরও বলেন, ‘একটা জিনিস পরিষ্কারভাবেই আপনাদের বলতে চাই- আমার ফিরে আসার জন্য অনেক কিছু ঠিক হতে হবে। নয়ত শুধু এসে খেলার কোনো পয়েন্ট নাই। কারণ আমি ক্যারিয়ারের এমন স্টেজে আছি, হয়ত দুই বছর খেলব। ওই কথাগুলো উনাদের সঙ্গে বলতে হবে। এখনো যেহেতু উনাদের সঙ্গে ফাইনাল কথা হয়নি। এই সংবাদ সম্মেলনে এসে কিছু বলে দেওয়া উপযুক্ত না। ওটা বলাটা উচিত হবে না। ’ 

ইত্তেফাক/জেডএইচ