ময়মনসিংহ বিভাগে আসন্ন সিটি করপোরেশন নির্বাচন ২০২৪ উপলক্ষে চলছে নির্বাচনি প্রচারণা। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরের আনাচ-কানাচে ভরে গেছে পোস্টার ও ব্যানারে। অনবরত মোটরসাইকেল, ট্রাক বোঝাই করে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে শোডাউন দিচ্ছে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও তাদের সমর্থকরা।
এমনকি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়কগুলোতে উচ্চ শব্দে মাইক বাজিয়ে এসব প্রচারণা করা হচ্ছে দিনরাত। এতে পড়াশোনার স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়াসহ দৈনন্দিন চলাফেরায় ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের। প্রতিদিন এমন উচ্চ শব্দে মাইক দিয়ে প্যারোডি গান বাজিয়ে এবং মাইকিং করে প্রচারণায় শিক্ষার্থীদের ভোগান্তি এখন চরম পর্যায়ে। অনেকেই ভুগছেন মানসিক ও শারীরিক স্বাস্থ্য সমস্যায় বলে জানিয়েছেন একাধিক শিক্ষক-শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, দিন-রাত নির্বাচনি প্রচারণার মাইকিং ও উচ্চ শব্দের গানে পড়াশোনায় মনোযোগ দেওয়া অসম্ভব হয়ে উঠেছে। চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা চলছে। অনেক বর্ষেই চলছে ক্লাস টেস্ট পরীক্ষা। আবার অনেকের সামনে চাকরির পরীক্ষাও রয়েছে। এমতাবস্থায় এই উচ্চ শব্দ পড়াশোনার সুষ্ঠু পরিবেশের অন্তরায়। অনবরত নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও তাদের সমর্থকরা অটোরিকশা, মোটরসাইকেল—এমনকি ট্রাক ভর্তি করে প্রবেশ করছেন বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, ক্লাসরুম এমনকি মসজিদের সামনের সড়কগুলো দিয়ে তারা শোডাউন ও মিছিলের মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাদের কার্যক্রমে সড়কগুলোতে চলাচল করাও কষ্টকর হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের মধ্যে সিটি করপোরেশনের ভোটার সংখ্যা হাতেগোনা কয়েক জন। তার জন্যে তো হলের সামনে দিয়ে এত প্রচারণার কোনো দরকার আছে বলে মনে হয় না। এটি একটি শিক্ষাপ্রতিষ্ঠান, সেটি মনে রেখে প্রচারণা করা উচিৎ।
