রাম চরণকে ‘ইডলি’ ডেকে বিতর্কিত শাহরুখ

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১৪:৩৪

ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে আনান্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানের মঞ্চে রাম চরণকে ‘ইডলি’ বলে ডাকেন শাহরুখ খান। শাহরুখের এমন ‘অসম্মানজনক’ সম্বোধনের কারণে অনুষ্ঠান থেকে বের হয়ে চলে যান রাম চরণের মেকআপ আর্টিস্ট। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে সমালোচনা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জামনগরের তিন দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বলিউডের তিন সুপারষ্টার-সালমান খান, শাহরুখ খান ও আমির খানকে বহু বছর পর মঞ্চে একসঙ্গে পারফর্ম করতে দেখা গিয়েছে। প্রথমে তারা রাম চরণ এবং জুনিয়র এনটিআরের আরআরআর সিনেমার নাটু নাটুর স্টেপ ফলো করার চেষ্টা করেছিলেন। এক পর্যায়ে রাম চরণও তাদের সঙ্গে মঞ্চে যোগ দেন।

এসময় রামকে মঞ্চে আমন্ত্রণ জানিয়েছিলেন শাহরুখ খান। শাহরুখ মজা করে দক্ষিণের এই অভিনেতাকে মঞ্চে ডাকার সময় বেশ কিছু শব্দ উচ্চারণ করেছিলেন, যা শুনতে তেলুগু বা তামিল ভাষার মতো।

এই মুহূর্তের একটি ভিডিও ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা ইনস্টাগ্রামে শেয়ার করে। সেই ভিডিওতে মন্তব্য করেন রাম চরণের মেকআপ আর্টিস্ট জেবা হাসান।

ভিডিওটিতে জেবা মন্তব্য করেছেন, ‘আমি শাহরুখের বড় ভক্ত, তবে তিনি যেভাবে মঞ্চে রাম চরণকে ইডলি বলেছেন, তা আমার একেবারে ভালো লাগেনি’।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও জেবা বিষয়টি নিয়ে লিখেছেন। তিনি লেখেন,‘ভেন্দ ইডলি বড়া রাম চরণ কাহা হ্যায় তু?’ এরপর আমি বেরিয়ে এলাম। এটা অসম্মানজনক।”

শাহরুখ রামচরণকে ‘ইডলি’ বলায় সামাজিক মাধ্যম ব্যবহারকারীরাও ক্ষুব্ধ। এক ব্যক্তি লিখেছেন, ‘দক্ষিণ ভারতীয়দের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী আচরণ করেছেন শাহরুখ।’ 

আরেক নেটিজেনের মন্তব্য, ‘একজন দক্ষিণ ভারতীয় পরিচালক তাকে তার কেরিয়ারের সবচেয়ে বড় হিট দেওয়ার পরে রাম চরণকে ‘ইডলি’ বলে দক্ষিণ ভারতীয়দের সঙ্গে রেসিস্টের মতো আচরণ করছেন শাহরুখ খান’।

 

ইত্তেফাক/পিএস