পুলিশের রেকার গাড়ির চাপায় রিকশাচালক নিহত

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১৫:৪০

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের রেকারের চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয় আরও ১ জন। এ ঘটনার প্রতিবাদে প্রায় ২ ঘণ্টা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা।

বুধবার (৬ মার্চ) সকাল ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের থানা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত রিকশাচালক উপজেলার কোগারিয়া গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে শাহিন (২০)।

জানা যায়, নিহত শাহিন রিকশা নিয়ে থানা মোড়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিল। এ সময় থানা থেকে পুলিশের রেকারটি মহাসড়কে ওঠার সময় রাস্তার পাশে অপেক্ষমাণ শাহিনের রিকশাটিকে চাপা দেয়। এতে শাহিন ঘটনাস্থলেই মারা যায়। এ সময় দাঁড়িয়ে থাকা অবস্থায় আসাদুল নামে আরও এক রিকশাচালক আহত হয়। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে আগুন জ্বালিয়ে স্থানীয়রা মহাসড়কে অবরোধ করে রাখে। এতে ঢাকা-রংপুর মহাসড়ক ও দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদের আশ্বাসে তারা অবরোধ তুলে নিলে ২ ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।

গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ বলেন, রেকারটির ব্রেক ফেল হওয়ায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধমুক্ত। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

ইত্তেফাক/এবি