ইত্তেফাক রিপোর্ট
এবার চীনভিত্তিক হুয়াওয়ে টেকনোলজিস লিমিটেডের সরঞ্জামের উপর নিষেধাজ্ঞা দিয়েছে নিউজিল্যান্ড। দেশটির ইন্টেলিজেন্স এজেন্সি নিরাপত্তার ইস্যুতে সম্প্রতি কোম্পানির সরঞ্জাম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে বলে সেদেশের গণমাধ্যম ‘স্পার্ক’ এ প্রকাশ হয়েছে। ফাইভজি অবকাঠামো নির্মাণে চীনভিত্তিক হুয়াওয়ে টেকনোলজিস লিমিটেডের নেটওয়ার্কিং সরঞ্জাম ব্যবহার না করার জন্য এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিল। নিউজিল্যান্ডের সরকারি যোগাযোগ নিরাপত্তা ব্যুরো’র (জিসিএসবি) প্রধান এন্ড্রু হ্যাম্পটনের কাছে স্পার্কের পক্ষ থেকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, হুয়াওয়ের রেডিও এক্সেস নেটওয়ার্ক (আরএএন) ব্যবহার করলে তা উদ্বেগের কারণ হবে।
হুয়াওয়ের পণ্য ও সরঞ্জাম ব্যবহারের বিষয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করছিল মার্কিন যুক্তরাষ্ট্র। হুয়াওয়ে সরঞ্জাম বয়কটের জন্য কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর প্রতি আহ্বান জানান যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির দুইজন সিনেটর। সিনেটরদের চিঠিতে বলা হয়, জাতীয় নিরাপত্তার খাতিরে হুয়াওয়ের পণ্য বর্জনের বিষয়টি বিবেচনা করা দরকার। চীনভিত্তিক এ কোম্পানিকে প্রবেশাধিকার দিলে তা যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোর নিরাপত্তা হুমকিতে পড়তে পারে।
