হাতীবান্ধায় পুকুর খননে মিলল মর্টার শেল

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১০:২৭

লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুর খননের সময় পরিত্যক্ত মর্টার শেল পাওয়া গেছে। বুধবার বিকালে উপজেলার বড়খাতায় পুরাতন মুন্সিটারী জামে মসজিদের ঈদগাহ মাঠের মাটি সমান করতে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করা হয়।

সেই মাটি পাশের একটি পুকুর থেকে তোলা হয় বলে এলাকাবাসী জানান। পরে শেলটি হাতীবান্ধা থানা পুলিশ তাদের হেফাজতে রাখে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঈদগাহ মাঠে জন্য পুকুর থেকে মাটি খনন করা হয়। খননের মাটি দিয়ে মাঠটি সমান করতে গিয়ে এক শ্রমিকের কোদালে ধাতব বস্তুর ঘষা লাগে। ওপরে তুলে দেখা যায়, এটি একটি পরিত্যক্ত মর্টার শেল। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মর্টার শেলটি উদ্ধার করে একটি খোলা মাঠে রাখে।

পুলিশ জানায়, মর্টার শেলটি লম্বায় ১২ ইঞ্চি, ওজন প্রায় ৫/৬ কেজি। ধারণা করা হচ্ছে- শেলটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কার।

মাটি কাটা শ্রমিক রফিকুল ইসলাম বলেন, 'পুকুর থেকে মাটি তুলে ঈদগাহ মাঠে ভরাট করা হচ্ছিল। মাটি সমান করতে গিয়ে কোদালে ঘষা লাগে বস্তুটির। মাটির নিচ থেকে বের করে বোমা দেখে পুলিশকে খবর দিই।'

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ টিমকে খবর দেওয়া হয়েছে। তারা এলে মর্টার শেলটি তাদের কাছে হস্তান্তর করা হবে। 

ইত্তেফাক/এনএন