তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লক্ষ্যে সিলেটে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিলেন টাইগাররা। এই ম্যাচে সফরকারীদের দেওয়া ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পান টাইগার দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার। তিন ওভারেই তুলে ফেলেন ২৮ রান। চতুর্থ ওভারে বল করতে আসেন মাদুশঙ্কা।
এই ওভারের প্রথম বলে শর্ট লেংথের বল পেয়ে পুল করেন সৌম্য। তবে ব্যাটে-বলে সংযোগ না হওয়ায় বল উইকেটরক্ষক কুসাল মেন্ডিসের হাতে চলে যায়। লঙ্কান বোলার তখন আবেদন করেন আউটের আর তাতে সাড়া আবেদনে সাড়া দিয়ে আউট দেন আম্পায়ার গাজী সোহেল।
তবে এই সিদ্ধান্তের দ্বিমত পোষণ করে সৌম্য আউটের বিপক্ষে রিভিউ নেন। আলট্রা-এজে দেখা গেছে স্পাইক। কিন্তু টেলিভিশন আম্পায়ার মাসুদুর রহমান স্পাইক দেখানোর সময় বল ও ব্যাটের মধ্যে ‘গ্যাপ’ দেখা যাওয়ায় নট আউট ঘোষণা দেন অর্থাৎ সৌম্য সফল রিভিউ নিয়েছে। ততক্ষণে আউট ভেবে প্রায় বাউন্ডারির কাছে পৌঁছে যাওয়া সৌম্য ফিরে এসেছেন আবার।
কিন্তু এমন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই সন্তুষ্ট হতে পারেনি শ্রীলঙ্কা দল। আম্পায়ার শরফুদ্দৌলাকে ঘিরে ধরেছেন তারা। ওদিকে কোচ ক্রিস সিলভারউড গিয়েছিলেন চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদের কাছেও। শেষ পর্যন্ত শুরু হয়েছে খেলা। যদিও জীবন পেয়ে বেশি লম্বা ইনিংস খেলতে পারেনি সৌম্য। ২২ বলে পাঁচ চারের মারে ২৬ রান করেই পাথিরানার বলে ম্যাথিউসের তালুবন্দি হয়ে ফেরেন সাজঘরে।
