হবিগঞ্জে কথাকাটাকাটির জের ধরে দুই দল লোকের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ অন্তত ২০ জন আহত হয়। তাদের মাঝে ৭ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। তাত্ক্ষণিক স্থানীয় মুরুব্বিদের হস্তক্ষেপে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে।
এলাকাবাসী জানায়, সদর উপজেলার লস্করপুর গ্রামের শফিক মিয়ার সঙ্গে একই গ্রামের তুলাব আলীর কথাকাটাকাটি হয়। এ নিয়ে তাদের মাঝে বিরোধ দেখা দিলে তারা উভয়েই উত্তেজিত হয়ে উঠেন। এক পর্যায়ে উক্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে উভয়ের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উল্লিখিতসংখ্যক লোক আহত হন। গুরুতর আহত অবস্থায় মখলোছ মিয়া (৫০), আক্তার মিয়া (১৯), আল আমিন (২০), তুলাব আলী (৫৫), শফিক মিয়া (৩০), আঙ্গুলা বেগম (৫০) ও মাফিয়া বেগমকে (৫০) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়।
