ঠাকুরগাঁওয়ে মাল্টিমিডিয়া শিক্ষার সুফল পাচ্ছে না শিক্ষার্থীরা

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২১:৪৮

ঠাকুরগাঁও শহরের দুই একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া শিক্ষার মান বাড়ানোর লক্ষ্যে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদানে তেমন সাড়া মেলেনি। জেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের ৩৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী বঞ্চিত হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাস এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় শিক্ষা থেকে।

ঠাকুরগাঁওয়ের মথুরাপুর উচ্চবিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক মামুন অর রশিদ জানান, আইসিটি ক্লাস নেওয়ার জন্য ক্লাসের যে পরিবেশ দরকার তা এই স্কুলে নেই। এছাড়াও একটি লেপটপ ও প্রজেক্টর দিয়ে এতোগুলো শিক্ষার্থীর ক্লাস নেওয়া সম্ভব না। তাই প্রতিদিন একটি করে ক্লাস নেওয়া হয়।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অভিযোগ করেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি হাতে-কলমে শিক্ষার বিষয়। তবে শিক্ষার্থীর তুলনায়  শ্রেণিকক্ষ কম থাকায় প্রতিনিয়ত বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের। স্কুলে যদি মাল্টিমিডিয়া ক্লাস নিয়মিত হয় তাহলে যেকোনো বিষয়ে বুঝতে অনেক সহজ হয়। তাই নিয়মিত মাল্টিমিডিয়া ক্লাস নেওয়ার দাবি জানিয়েছে তারা।

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আদনান সাবাব জানান, মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে আমরা সহজেই সব কিছু বুঝতে পারি। ভিডিও ও সাউন্ডের মাধ্যমে বিনোদনের পাশাপাশি পড়ালেখাও হচ্ছে। তাই সকল ক্লাস যদি মাল্টিমিডিয়ার মাধ্যমে নেওয়া হয় তাহলে পড়ালেখার আরো উন্নতি হবে এবং যুগের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে পারবো।

ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আলাউদ্দীন আল আজাদ জানান, ২০১৪ সালে জেলার ৩৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপনসহ মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ইন্টারনেট সংযোগের জন্য মডেম সরবরাহ করা হয়েছে। তবে ওইসব শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী বঞ্চিত হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাস এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় শিক্ষা থেকে।

তিনি জানান, বিদ্যালয়গুলোতে চলতি বছর থেকে মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। আগামী বছরের মধ্যে প্রতিটি ক্লাস মাল্টিমিডিয়ার আওতায় আনার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। কোনো স্কুলে মাল্টিমিডিয়া ক্লাস নেওয়া হচ্ছে কি-না তা নিয়মিত তদারকি করা হচ্ছে। স্কুলগুলোতে একটি করে প্রজেক্টর দেওয়া হয়েছে, যদি এটা বাড়ানো হয় তাহলে আরো বেশি সুবিধা হবে বলে জানান তিনি।