একাধিক মামলায় অভিযুক্ত হয়ে বেশ কিছুদিন ধরে কারাগারে আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের প্রধান ইমরান খান। আদালতের আদেশ মেনে শনিবার তার ব্যক্তিগত চিকিৎসক ও ডেন্টিস্ট ড. সামিনা নিয়াজি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। খবর জিওটিভি'র।
বিষয়টি নিশ্চিত করে ইমরান খানের আইনজীবী খালিদ ইউসুফ বলেন, 'ড. সামিনা নিয়াজি ইমরান খানের দাঁত পরীক্ষা করেছেন।'
আইনজীবী খালিদ ইউসুফ আরও জানান, স্বাস্থ্য পরীক্ষার সময় সরকারি চিকিৎসকরাও উপস্থিত ছিলেন। সার্বিকভাবে ভালো আছেন ইমরান। তিনি কোনো স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন না।
আইনজীবী খালিদ ইউসুফ ২৩ ফেব্রুয়ারি ইমরান খানের বিরুদ্ধে এক মামলার শুনানি চলার সময় তিনি বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, আমি গত সাত মাসে একবারও ডাক্তার দেখাতে পারিনি। এসময় বিচারক বলেন, কারাগারে ডাক্তার আছে। আপনি তাদের কাছে দাঁতের চিকিৎসা করাতে পারেন।
পরে আদালত ইমরানের আবেদন অনুমোদন করে এবং একজন মেডিসিনের ডাক্তার ও একজন ডেন্টিস্টকে তার সঙ্গে দেখা করে স্বাস্থ্য পরীক্ষার অনুমতি দেয়।
