কলম্বোয় তিন ম্যাচ খেলতে চায় বাংলাদেশ

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২২:০২

লর্ডসে আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। দেশে ফিরেই কিছুদিনের বিশ্রাম পাবেন ক্রিকেটাররা। তারপর চলতি মাসের শেষ দিকে তিনটি ওয়ানডে খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল।

গত এপ্রিলে বোমা হামলার পর শ্রীলঙ্কার নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় এই সিরিজটা ঝুলে গিয়েছিল। এই অবস্থায় দল না পাঠানোর কথা বলেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে, সফরটা আলোর মুখ দেখতে যাচ্ছে। লঙ্কান বোর্ডের অনুরোধে চার সদস্যের নিরাপত্তা প্রতিনিধিদলও পাঠিয়েছিল বিসিবি। কলম্বো ঘুরে এসে তারা রিপোর্টও দিয়েছেন। তবে বিসিবি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। কারণ বোর্ডের শীর্ষ কর্তারা এখন লন্ডনে রয়েছেন।

সফরটা হচ্ছে, তা অনেকটাই চূড়ান্ত। নিরাপত্তা প্রতিনিধিদের রিপোর্ট দেখবে বিসিবি। নিজেদের কিছু পর্যবেক্ষণও আছে। যেমনটা গতকাল বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, রিপোর্টটা আমরা পেয়ে গেছি। তবে এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। আমাদের কিছু পর্যবেক্ষণ আছে। আমরা এক ভেন্যুতে সব ম্যাচ খেলতে চাই। বোর্ড সভাপতি, সিইও লন্ডনে আছেন। কয়েকদিনের মধ্যে বিষয়টি চূড়ান্ত হবে।

বাংলাদেশ দলকে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে লঙ্কান বোর্ড। বিসিবির চাওয়া কলম্বোর একটি ভেন্যুতেই তিনটি ম্যাচ আয়োজন হোক। সবকিছু ঠিক থাকলে পুরনো সূচি অনুযায়ী (২৫, ২৭, ২৯ জুলাই) তিন ম্যাচের সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা।