পবিত্র রমজান মাসজুড়ে অসহায় ও নিম্ন আয়ের ১ লাখ মানুষের কাছে ইফতার এবং ২০ হাজার পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিবে মাস্তুল ফাউন্ডেশন। সবাই যেন পবিত্র রমজানে ইফতারের আনন্দে অংশ নিতে পারে সে লক্ষ্যেই তাদের এমন উদ্যোগ।
প্রতি বছরের মতো এবারও ফাউন্ডেশনের উদ্যোগে দেশজুড়ে ইফতার বিতরণের কার্যক্রম শুরু হচ্ছে, যা মাসব্যাপী চলবে। এর অংশ হিসেবে রাজধানীর ধানমণ্ডির রায়েরবাজারে মাস্তুল মেহমানখানায় প্রতিদিন সহস্রাধিক অসহায় রোজাদারের জন্য ইফতার থাকছে। এছাড়া পথচারী ও বিভিন্ন বাহনের যাত্রীদের মধ্যে মাসব্যাপী ইফতার বিতরণ হবে। ঢাকাসহ বিভিন্ন জেলার এতিমখানা, মাদ্রাসা এবং দরিদ্র পরিবারের কাছে ২০ হাজার ইফতার-সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এছাড়া যাকাতের মাধ্যমে ৫০০ দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার প্রস্তুতিও রয়েছে।
মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান বলেন, এ উদ্যোগের মাধ্যমে মাস্তুল ফাউন্ডেশন সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর রমজানকে আনন্দময় করে তুলতে চায়। সবাইকে এ পবিত্র মাসে নিজ নিজ জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
দাতব্য প্রতিষ্ঠান মাস্তুল ফাউন্ডেশনের প্রধান কাজের মধ্যে রয়েছে দাফন-কাফন সেবা প্রজেক্ট, নিজস্ব স্কুল, মাদ্রাসা এবং শেল্টারহোম, যেখানে আবাসিক/অনাবাসিক মিলে শতাধিক এয়াতিম শিক্ষার্থী রয়েছে। এর বাইরে কয়েক জেলায় প্রজেক্ট স্কুলগুলোতে হাজারের অধিক সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের সব শিক্ষার উপকরণ দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য, পুষ্টিকর খাবার, শিশু অধিকার, মৌলিক চাহিদা নিশ্চয়তা করা হচ্ছে।
সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে কর্মক্ষম করে তুলতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে ফাউন্ডেশনটির। রয়েছে বৃদ্ধাশ্রম, আর মেহমানখানা, যেখান থেকে শতাধিক অসহায় নিম্ন আয়ের মানুষের একবেলা পেট পুড়ে খাওয়ার ব্যবস্থা হয়।
