চীনের হেবেই প্রদেশে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় আজ বুধবার সকালে হওয়া এই দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি নিউজ।
রাজধানী বেইজিং থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরে অবস্থিত সানহেতে বুধবার সকাল ৮টায় এই বিস্ফোরণ ঘটে। সিসিটিভি আরো জানায়, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ল্যাংফাং ফায়ার রেসকিউ ডিট্যাচমেন্ট এক বিবৃতিতে বলেছিল, ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওগুলোতে দেখা যায়, রেস্তোঁরায় আগুন জ্বলছে এবং ঘন ধোঁয়ায় ভরে গেছে। এ ছাড়া ভিডিওতে ধ্বংসপ্রাপ্ত ভবনের সম্মুখভাগ, অসংখ্য ক্ষতিগ্রস্ত গাড়ি এবং রাস্তার আশপাশে কাচ ছড়িয়ে থাকতে দেখা যায়।
স্থানীয়রা জানান, বিস্ফোরণের সময় বিস্তীর্ণ এলাকা ছাই আর ধুলোতে ঢেকে যায়। বহু গাড়ি রাস্তায় ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে আছে। একাধিক ভবন প্রায় ভেঙে পড়েছে। দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘটনার তদন্তের জন্য স্থানীয় প্রশাসন তদন্তকারী দলকে পাঠিয়েছে।
