এরশাদ লাইফ সাপোর্টে

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২২:৩৫

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিত্সাধীন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা এইচ এম এরশাদ লাইফ সাপোর্টে। জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জরুরি প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, গতকাল বিকাল ৪টা ১০ মিনিটের দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। গতকাল হাসপাতালে এরশাদকে দেখতে যাওয়া জাপা নেতারা ইত্তেফাককে জানান, তার কিডনি দুটো প্রায় বিকল হয়ে পড়ায় পানি জমে শরীর ফুলে গেছে, ডায়ালাইসিসও করা সম্ভব হচ্ছে না। ফুসফুসে জমা পানি ও সংক্রমণও কমেনি, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা আশঙ্কাজনক পর্যায়ে নেমে গেছে, প্লাটিলেটের পরিমাণও স্বাভাবিকের তুলনায় অনেক কম। বার্ধক্যজনিত কারণে তার শরীরে এখন ওষুধও তেমন কাজ করছে না। এদিকে, এরশাদের আরোগ্য কামনায় আজ শুক্রবার সারাদেশে মসজিদসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া-প্রার্থনার আয়োজন করছে জাপা।