জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের মেধাবী ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তিকা মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে শনিবার রাতে তার মা তাহ্মিনা শবনম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় জবি’র সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও অবন্তিকার সহপাঠী আম্মান সিদ্দিকীকে আসামি করা হয়েছে।
শনিবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন।
এর আগে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শুক্রবার (১৫ মার্চ) রাতে অবন্তিকা তাদের কুমিল্লা নগরীর উত্তর বাগিচাগাঁওয়ের বাসায় সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেন। শনিবার বিকালে কুমিল্লা সরকারি কলেজ মাঠ এবং শহরতলীর নিজ বাড়ি শাসনগাছা মহাজনবাড়ি এলাকায় পৃথক নামাজে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার নামাজে জানাজায় শিক্ষক-শিক্ষার্থীসহ নানান শ্রেণিপেশার শোকার্ত মানুষজন অংশ নেন।
এদিকে তার এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শনিবার দিনভর নগরীর উত্তর বাগিচাগাঁওয়ের ‘পিসি পার্ক অরণি’ নামের বাসায় উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। রাতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অবন্তিকার মা থানায় মামলাটি দায়ের করলেন।

