রেইন ট্রি হোটেলে ধর্ষণ মামলা

বিচারে দীর্ঘসূত্রতার আশঙ্কা টিআইবি’র

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ২২:১৭

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর বনানীর রেইন ট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামির জামিনে মুক্তির প্রেক্ষিতে মামলাটির ন্যায়বিচার নিশ্চিতে আরো দীর্ঘসূত্রতার আশঙ্কা করে গভীর উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে ব্যাপক আলোচিত এ মামলার বিচার দ্রুত সম্পন্ন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

গতকাল এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আদালতে অভিযোগ গঠনের পর প্রায় দেড় বছর পার হলেও এ মামলার বিচার নিষ্পত্তি না হওয়া উদ্বেগজনক। মামলার বিচারকাজে দীর্ঘসূত্রতার সুযোগে সম্প্রতি এ মামলার প্রধান আসামিকে বিশেষ বিবেচনায় জামিন দেওয়া হয়েছে। অথচ মামলার ধরন অনুযায়ী ১৮০ কার্যদিবসের মধ্যে মামলাটির বিচারকাজ শেষ করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। তাই বিচার নিষ্পত্তিতে এই দীর্ঘসূত্রতা ও প্রধান আসামির জামিন ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কতটা সহায়ক সে প্রশ্ন থেকেই যায়।

ড. ইফতেখারুজ্জামান বলেন, গণমাধ্যম সূত্রের তথ্য অনুযায়ী এ বছরের মাঝামাঝি এ মামলার বিচারিক আদালত পরিবর্তন হয়েছে এবং অতি সম্প্রতি মামলার প্রধান আসামির জামিনের অব্যবহিত পূর্বে সংশ্লিষ্ট আদালতের বিচারককে বদলি করা হয়েছে। এরকম বাস্তবতায় ন্যায়বিচার প্রতিষ্ঠার সদিচ্ছা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।