চট্টগ্রামের বায়েজিদ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ১টি লোহার ছুরি, ২টি ফোল্ডিং ছুরি এবং ১টি স্টিলের ক্ষুর উদ্ধার করা হয়।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) র্যাব-৭ (চট্টগ্রাম) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
গ্রেপ্তাররা হলেন- চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আহম্মদ নগর এলাকার মোস্তফা কামালের ছেলে আরিফ হোসেন (৩০), হাজীগঞ্জ উপজেলার এনাতলী এলাকার কবির হোসেনের ছেলে সাগর (২৪), হবিগঞ্জের লাখাই থানার শিবপুর এলাকার মো. ইউনুসের ছেলে সুমন (৩০), ফেনীর ছাগলনাইয়া থানার মো. সুলতানের ছেলে কামরুল (২৪) ও চট্টগ্রামের আমিন কলোনীর আব্দুল নবীর ছেলে ইয়াছিন মিয়া (১৯)।
র্যাব জানায়, চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার আমিন কলোনী জুট মিল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছে, ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমিন কলোনী জুট মিল এলাকায় একত্রিত হয়েছিল। তারা দীর্ঘদিন যাবৎ বায়েজিদ বোস্তামীসহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় সিএনজি, অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহনে চাঁদাবাজি, ছিনতাইসহ ডাকাতি করে আসছিল।
র্যাব আরও জানায়, তারা রাস্তা, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গলি ও রোডে ছিনতাই-চাঁদাবাজি, নিজেদের মধ্যে মারামারি, সাধারণ কিশোরদের মারধর ও প্রাণনাশের হুমকি প্রদান, দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন এবং মাদক সেবন করে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী এবং চাঁদপুরের শাহরাস্তি থানায় চুরি, ডাকাতি, ছিনতাই এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৯টি মামলার তথ্য পাওয়া গেছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
