লন্ডনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাংবাদিকরা মানুষের মনন ও উন্নত জাতি গঠন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অন্য কোনো পেশার মানুষ চাইলেও এভাবে করতে পারেন না। তিনি বলেন, রাষ্ট্রের ভৌত অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি উন্নত জাতি গঠন করাও সমান গুরুত্বপূর্ণ। বিভিন্ন উন্নত দেশে দেখা যায় অবকাঠামো থাকলেও জাতি গঠনে তারা সেভাবে মনোযোগী না হওয়ায় মানুষ আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। পরিবার ভেঙে যাচ্ছে। আমি মনেকরি নতুন প্রজন্মের মধ্যে মেধা, মনন, দেশাত্মবোধের সমন্বয় ঘটিয়ে উন্নত জাতি গঠন করতে হবে।
মন্ত্রী বলেন, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই উন্নত রাষ্ট্রগুলোর চেয়ে এগিয়ে রয়েছি। যন্ত্রের ব্যবহারের সঙ্গে সঙ্গে মানুষও যেন যান্ত্রিক হয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন ক্রীড়ামোদী প্রধানমন্ত্রী। সরকারের সদিচ্ছা না থাকলে বাংলাদেশ খেলাধুলায় এতটা এগিয়ে যেতে পারত না। তিনি মাদক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে মুক্ত করে তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ক্ষেত্রে ক্রীড়া সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
বুধবার লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে বাংলাদেশ থেকে বিশ্বকাপ ক্রিকেট কভার করতে আসা ক্রীড়া সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার অর্ধশতবার্ষিকী উপলক্ষে লন্ডনে ব্যাপক অনুষ্ঠানমালা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে লন্ডনের রয়াল অ্যালবার্ট হলে বঙ্গবন্ধু কনসার্ট আয়োজন করা হবে।
