অনেক আগেই দুই দলের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে। তাই গতকাল ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের লড়াইটা ছিলো স্রেফ একটা আনুষ্ঠানিকতা। আর সেই ম্যাচে ২৩ রানে আফগানিস্তানকে হারালো ক্যারিবিয়ানরা।
আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ৩১১ রান তুলেছিলো। জবাবে আফগানিস্তান ম্যাচের শেষ বলে অলআউট হয় ২৮৮ রানে। আগে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই হারায় ক্রিস গেইলের উইকেট। কিন্তু এভিন লুইস ও সেই হোপ তাদের পথে রাখেন। লুইস ৫৮ ও হোপ ৭৭ রান করে আউট হন। এরপর হেটমেয়ার ৩৯ রান করেন। তবে শেষ দিকে রানটাকে বড় করেন নিকোলাস পুরান ও জেসন হোল্ডার। পুরান ৪৩ বলে ৫৮ রান এবং হোল্ডার ৩৪ বলে ৪৫ রান করেন। কার্লোস ব্রাথওয়েট ৪টি মাত্র বল খেলে ১৪ রান করেন।
জবাব দিতে ব্যাটে নেমে আফগানিস্তান শুরুতেই অধিনায়ক গুলাবদিন নাইবের উইকেট হারায়। এরপর রহমত শাহ ও ইকরাম আলিখিল তাদের আশা দেখাচ্ছিলেন। রহতম ৬২ ও আলিখিল ৮৬ রান করেন। নাজিবুল্লা ৩১ ও আসগর ৪০ রান করেন। এ জুটি পর্যন্ত আফগানরা স্বপ্ন দেখছিলো। কিন্তু এরপর দ্রুত উইকেট হারিয়ে ফেলায় আর লড়াই করতে পারেনি তারা। কেমার রোচ ৩টি ও ব্রাথওয়েট ৪টি উইকেট নেন।
