সোনারগাঁওয়ে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সনমান্দি হাসান খাঁন উচ্চ বিদ্যালয়ে ঢুকে ১০ ছাত্রকে পেটানোর ঘটনায় থানায় মামলা হয়েছে। সায়েম নামের এক অভিভাবক বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার এ মামলা করেন। পুলিশ এ ঘটনায় দুই সহোদরকে গ্রেফতার করেছে। এরা হলেন— মনিরুজ্জামান মনির (৪৫) ও তার ভাই আনোয়ার হোসেন (৩৬)। সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না।
জানা যায়, ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় বুধবার সকালে স্কুলে প্রবেশ করে উপজেলার পশ্চিম সনমান্দি গ্রামের কামরুল ইসলামের নেতৃত্বে আব্দুর রহিম, সবুজ, রাসেল, শান্ত, সিদ্দিকুর রহমান, আরিফ, আরিফুর রহমান ও রবিউল ১০ ছাত্রকে পিটিয়ে আহত করেন। এ সময় শিক্ষক ও এলাকাবাসী বাধা দিতে এলে তাদেরকেও লাঞ্ছিত করে বহিরাগত বখাটেরা। সনমান্দি ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল হক টিক্কা খাঁন জানান, সনমান্দি গ্রামের লোকজন দীর্ঘদিন ধরে আমাদের গ্রামের ছেলেদের কারণে অকারণে মারধর করে আসছে। গত বুধবার সকালে স্কুলের ভেতরে প্রথম দফা ও স্কুল থেকে ফেরার পথে সনমান্দি বাজারের মধ্যে দ্বিতীয় দফায় ১০ ছাত্রকে পিটিয়ে আহত করে। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন জানান, বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সবাইকে অবগত করা হয়েছে।
