বসিলায় এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান ও জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১৬:৪৫

রাজধানীর বসিলা সিটি ডেভেলপার্স এলাকায় রাজউক উচ্ছেদ অভিযান চালিয়ে কয়েকটি ভবনে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। অভিযানটি পরিচালনা করেন রাজউকের পরিচালক জোন-৭ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনির হোসেন হাওলাদার।

সোমবার (২৫ মার্চ) সকাল ১০ টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে বিকালে শেষ হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বসিলা সিটি ডেভেলপার্স এলাকায় রাজউক নকশা বিহীন নির্মাণাধীন সব ভবনে ইতিমধ্যে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য একাধিকবার নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু তা না মেনে ভবন মালিক নির্মাণ কাজ চলমান রাখায় কয়েকটি বহুতল ভবনের আংশিক ভেঙে ফেলাসহ পাঁচটি ভবনে জরিমানা করা হয়। মোট সাড়ে ছয় লক্ষ টাকার জরিমানা করা হয়। ডিপিডির সহায়তায় ৬টি নির্মাণাধীন ভবনের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদন ছাড়া ইমারত নির্মাণ না করে সে বিষয়ে মুচলেকা নেয়া হয়।

মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, জোন-৫ এর পরিচালক, মোঃ হামিদুল ইসলাম, অথরাইজড অফিসার আবদুল্লাহ আল মামুন, সহকারী অথরাইজড অফিসার মোঃ মেহেদী হাসান, প্রধান ইমারত পরিদর্শক মোঃ সাব্বির আহমেদ, ইমারত পরিদর্শক আব্দুল সাত্তার, তুহিন রেজাসহ রাজউকের কর্মকর্তারা।

ইত্তেফাক/এসসি