পদত্যাগ করবেন বোয়িংয়ের সিইও

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১৯:৩৯

পদত্যাগ করতে যাচ্ছেন মার্কিন বিমান নির্মাণ কোম্পানি বোয়িংয়ের সিইও ডেভ ক্যালহাউন। সম্প্রতি বোয়িংয়ের তৈরি বেশ কয়েকটি বিমানে নিরাপত্তার ঘটনা ও উৎপাদন সংক্রান্ত সমস্যার কারণে তদন্তের মুখোমুখি হয়েছেন তিনি। সোমবার তার পদত্যাগের ঘোষণা দিয়েছে বোয়িং। খবর এএফপি।

ক্যালহাউন কর্মীদের কাছে একটি চিঠিতে লিখেছেন, ‘বিশ্বের চোখ এখন আমাদের দিকে। আমার বিশ্বাস আমরা এই পরিস্থিতি কাটিয়ে একটি ভালো কোম্পানি হিসেবেই ফিরে আসব। আমরা যাই করি না কেনো, নিরাপত্তা ও গুণমানকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে।’

জানুয়ারিতে বিপর্যয়কর ঘটনাসহ নানাবিদ সমস্যার সম্মুখীন হয়েছে বোয়িং। বিশেষ করে ৭৩৭ ম্যাক্স ৯ মডেলের বিমানটি জানুয়ারিতে দুর্ঘটনায় পড়ে। মাঝ আকাশে বিমানের একটি জানালা খুলে পড়ে যায়। তবে ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। বিমানটিকে জরুরি অবতরণ করতে হয়েছিল।

মার্কিন কর্তৃপক্ষ গত মাসে বোয়িংকে মান নিয়ন্ত্রণের সমস্যা সমাধানের পরিকল্পনা জানাতে ৯০ দিনের সময় দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বলেছিল, সংস্থাটিকে অবশ্যই বাস্তব ও গভীর উন্নতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।

চলতি মাসের শুরুর দিকে জাপানের উদ্দেশ্যে একটি বোয়িং ৭৭৭ জেটলাইনার সান ফ্রান্সিসকো থেকে উড়ার পরপরই জরুরি অবতরণ করতে হয়েছিল। কারণ বিমানটির একটি চাকা খুলে যায়। এতে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

বছরের শেষের দিকে পদত্যাগ করবেন ক্যালহাউন। তিনি বলেছেন, ‘আলাস্কা এয়ারলাইন্স ফ্লাইট ১২৮২ দুর্ঘটনাটি বোয়িংয়ের জন্য একটি সংকটের মুহূর্ত। আমাদের অবশ্যই নম্রতা ও সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এ ধরনের দুর্ঘটনায় সাড়া দিতে হবে।’

ইত্তেফাক/এসএটি