হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ২২:২১

হবিগঞ্জ প্রতিনিধি

বাহুবলে ট্রাক চাপায় হাসান মিয়া (৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের চারগাঁও নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বাহুবল থেকে মিরপুরগামী একটি টাটা পিকআপ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা প্রাইমারি স্কুলছাত্র হাসানকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। নিহত হাসান চারগাঁও গ্রামের আব্দুল মতিনের ছেলে। এছাড়া, একই দিন মহাসড়কে মাধবপুরের আন্দিউড়া এলাকায় দ্রুতগামী বাসের নিচে পিষ্ট হয়ে বুল্লা গ্রামের হরেন্দ্র দাশ (৬৫) নিহত হন।

মাধবপুরে ব্যবসায়ী খুন

মাধবপুরে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন ব্যবসায়ী রাশেদ মিয়া (৩৫)। গত শনিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিন্নিঘাট গ্রামের মৃত চান মিয়ার ছেলে। জানা যায়, রাশেদ মিয়া মাধবপুর উপজেলার শ্যামলীপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে স্থানীয় বাজারে একটি স্টেশনারী দোকানে ব্যবসা করতেন। শুক্রবার দিবাগত মধ্যরাতে তিনি কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তার ওপর ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতরভাবে জখম করে তার সঙ্গে থাকা নগদ টাকাসহ পালিয়ে যায়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডটি ঘটেছে।