বিশ্ব অর্থনীতির টুকিটাকি

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ২১:৪৭

প্রতিনিয়তই বদলে যাচ্ছে বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপট। অর্থনীতির ভান্ডারে যোগ হচ্ছে নতুন নতুন তথ্য। এসব তথ্য ও সম্প্রতি ঘটে যাওয়া অর্থনীতির নানা বিষয় সংক্ষেপে তুলে

ধরেছেন—  নাঈমা সুলতানা

গরমের তীব্রতা কমাতে গাড়ি

চলাচল কমাচ্ছে প্যারিস

তীব্র তাপ প্রবাহের ও বায়ুদূষণে ফ্রান্সের রাজধানী প্যারিসে চলাচল করা কষ্টসাধ্য হয়ে পড়ছে। তাই শহরটিতে অর্ধেকেরও বেশি নিবন্ধিত গাড়ি রাস্তায় চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তীব্র তাপদাহ যতদিন থাকবে ততদিন পুরোনো ও কম দক্ষ গাড়ির চলাচলের এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ নিষেধাজ্ঞার ফলে নিবন্ধিত ৬০ শতাংশ বা প্রায় ৫০ লাখ গাড়ি রাস্তায় চলতে পারবে না। গাড়ির বয়স ও দূষণের মাত্রার উপর ভিত্তি করে গাড়িতে স্টিকার ব্যবস্থা শুরু করা হয়েছে। এদিকে তীব্র তাপদাহের ফলে ফ্রান্সে গাড়ির ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি পানির ব্যবহারের ওপরেও বিধিনিষেধ আরোপ করা হয়।

ভয়াবহ সংকটে জিম্বাবুয়ের অর্থনীতি

জিম্বাবুয়ের অর্থনীতি ভয়াবহ সংকটের মধ্যে পড়েছে। প্রায় প্রতিটি জিনিস আমদানি করে দেশটি এবং দৃশ্যমান অর্থেরও ঘাটতি রয়েছে সেখানে। জীবনধারণ ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধির পাশাপাশি ভয়াবহ মাত্রার বেকারত্বে ভুগছে দেশটি। সমস্যা সমাধানে অনেক ধরনের প্রচেষ্টাই করা হয়েছে, যার মধ্যে ২০১৬ সালে দেশটিতে বন্ড নোট চালু করা হয়। মার্কিন ডলারের সমান্তরাল মুদ্রাটির কেবল জিম্বাবুয়েতেই গ্রহণযোগ্যতা ছিল। বর্তমানে দেশটিতে ১০০ শতাংশ মূল্যস্ফীতি রয়েছে। এর পাশাপাশি রয়েছে তীব্র খাদ্যঘাটতি।

ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের

বাণিজ্য উত্তেজনা

ভিয়েতনাম থেকে ইস্পাত আমদানিতে ৪০০ শতাংশেরও বেশি শুল্ক আরোপ করেছে মার্কিন বাণিজ্য বিভাগ। যুক্তরাষ্ট্রের অভিযোগ, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানে তৈরি হওয়া কিছু ইস্পাত পণ্য গৌণ প্রক্রিয়াকরণের জন্য ভিয়েতনামে পাঠানো হয় এবং এরপর এগুলো চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্রে রফতানি করা হয়। তাই ভিয়েতনামে উত্পাদিত ইস্পাতপণ্যের ওপর সর্বোচ্চ ৪৫৬ শতাংশ শুল্ক সংগ্রহ করার জন্য কাস্টমস কর্মকর্তাদের আদেশ দেওয়া হয়েছে। এ শুল্ক আরোপের ফলে দুই বাণিজ্যিক অংশীদারের মধ্যে বাণিজ্য উত্তেজনা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।