ভারতের আম আদমি পার্টি (এএপি) নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ২১ মার্চ গ্রেপ্তার হওয়ার পর থেকে সাড়ে চার কেজি ওজন কমে গেছে বলে দাবি করেছেন এএপি নেতা ও দিল্লির শিক্ষামন্ত্রী অতীশি মারলেনা। আজ বুধবার (৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স- এ তিনি এই দাবি করেন। খবর এনডিটিভি।
তবে এই দাবি মানতে নারাজ তিহার জেল কর্তৃপক্ষ। তারা বলছেন, মাত্র দুইদিন আগে কেজরিওয়াল কারাগারে এসেছেন। তার ওজন কমেনি। তিনি ভালো আছেন।
এক্সের ওই পোস্টে অতীশি লিখেন, ‘কেজরিওয়াল একজন গুরুতর ডায়াবেটিস রোগী। অসুস্থতা সত্ত্বেও তিনি জাতির সেবা করার জন্য সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। গ্রেপ্তারের সময় থেকে এই পর্যন্ত তার সাড়ে চার কেজি ওজন কমেছে। এটা খুবই উদ্বেগজনক। বিজেপি তাকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলছে। অরবিন্দ কেজরিওয়ালের কিছু হলে শুধু দেশ নয়, ঈশ্বরও তাদের ক্ষমা করবেন না।’
কারাগারসূত্রে জানা গেছে, সেখানে আনার সময় তার ওজন ছিল ৬৫ কেজি। এখনও তার ওজন অপরিবর্তিত রয়েছে। তার রক্তে শর্করার মাত্রাও স্বাভাবিক। তিনি আজ সকালেও যোগব্যায়াম ও ধ্যান করেছেন এবং তার সেলে হাঁটাহাঁটিও করেছেন।
কারা কর্তৃপক্ষ জানায়, মুখ্যমন্ত্রীকে দুপুর ও রাতের খাবারের জন্য বাড়িতে রান্না করা খাবার পরিবেশন করা হচ্ছে। তার অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। যে কোনো জরুরি অবস্থার জন্য তারা তার সেলের কাছে একটি জরুরি সাড়াদানকারী দলও মোতায়েন করেছেন।
গত ২১ মার্চ ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দিল্লির বহুল আলোচিত মদ নীতি সংক্রান্ত আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরদিন তাকে ৭ দিনের রিমান্ডে পাঠান আদালত। আদেশ অনুযায়ী, ২৮ মার্চ পর্যন্ত কেজরিওয়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হেফাজতে থাকার কথা ছিল। ২৮ মার্চ ইডির আরও ৭ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে হেফাজত আরও চারদিন বাড়ানোর রায় দেন আদালত।
