উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের একমাত্র উদ্দেশ্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে কোনো সহিংসতা ছাড়া একটি নির্বাচন উপহার দেওয়া বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।
আজ বুধবার দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংকালে এ কথা বলেন। এ সময় তিনি বলেন, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তারা নির্বাচন কমিশনের নিদের্শনা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করবেন বলে আমাকে অবহিত করেছেন।
ইসি বলেন, এই নির্বাচনে কয়েকটি চ্যালেঞ্জ আছে, আমাদের প্রার্থীর সংখ্যা অনেক বেশি হতে পারে। একই মতাদর্শের একাধিক প্রার্থী হতে পারে, তাদের মধ্যে রাগ, বিরাগ, সহিংসা সৃষ্টি হতে পারে। সেটা যাতে প্রটেক্ট করতে পারি সে ব্যাপারেও আমরা কাজ করেছি। যাতে কেউ বলতে না পারে কারো প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার জন্য আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন কয়েকটি ধাপে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নির্বাচনে নমিনেশন পেপার অনলাইনে জমা দেওয়ার ব্যবস্থা থাকছে। ফলে নমিনেশন জমাদানে বাঁধা প্রদানের সুযোগ থাকবে না। নির্বাচন কমিশনের সাংবাদিক নীতিমালা অনুসরণ করে গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাবে নির্বাচনি সংবাদ সংগ্রহের সুযোগ পাবেন।
সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ। মতবিনিময় সভায় পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মো. মঈনুল হক, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম এবং খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট ও সাতক্ষীরার জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, জেলা-উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খুলনা বিভাগীয় প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।
