ইত্তেফাক রিপোর্ট
একটি নিয়োগ পরীক্ষায় অনিয়মে অভিযুক্ত করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) শীর্ষপর্যায়ের এক কর্মকর্তাকে ব্যতিক্রমী শাস্তি দিল মন্ত্রণালয়। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সব নিয়োগ পরীক্ষায় এই কর্মকর্তাকে অন্তর্ভুক্ত না করার নির্দেশ দেওয়া হয়। মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ঢাকা বোর্ডের চেয়ারম্যানের কাছে ইতিমধ্যে নির্দেশনা পাঠানো হয়েছে। শিক্ষা অধিদপ্তরের কোনো পরিচালককে বেসরকারি কলেজের নিয়োগ কমিটিতে আজীবন নিষিদ্ধ করার ঘটনা এটাই প্রথম বলে শিক্ষা খাতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
শাস্তি পাওয়া মাউশির এই কর্মকর্তা হলেন অধিদপ্তরের দ্বিতীয় সর্বোচ্চ পদ পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবীর চৌধুরী। সম্প্রতি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ নিয়োগ করতে গিয়ে অনিয়মে জড়িয়ে পড়েন। তবে এই নিয়োগ কমিটিতে গভর্নিং বডির আরো চারজন সদস্য ছিলেন। তাদের ক্ষেত্রেও একই আদেশ দিয়েছে মন্ত্রণালয়।
অভিযোগ আছে, দুদকের সাময়িক বরখাস্ত হওয়া পরিচালক এনামুল বাছিরের স্ত্রীকে ভিকারুননিসার অধ্যক্ষ হিসেবে নিয়োগের জন্য নানা কৌশলের আশ্রয় নেন এই পরিচালক।
অধ্যাপক শাহেদুল খবীর গত মার্চে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পরিচালক (কলেজ ও প্রশাসন) পদে বদলি হয়ে আসেন। এর আগে তিনি দীর্ঘদিন ঢাকা শিক্ষা বোর্ডে পরিদর্শক (স্কুল) ও সচিব পদে দায়িত্বে ছিলেন।
