ইবির ডি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৩ এপ্রিল

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১৬:২৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভূক্ত তিনটি বিভাগ এবং কলা অনুষদের একটি বিভাগের সমন্বয়ে গঠিত ‘ডি’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১৩ এপ্রিল থেকে শুরু হবে। যা চলবে ২৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত। এছাড়া আগামী ১১ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

শুক্রবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম আলী হাসান এসকল তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ধর্মতত্ত্ব অনুষদভুক্ত তিনটি বিভাগ আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং কলা অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগসহ মোট ৪ বিভাগের ৩২০টি আসনের বিপরীতে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu ac.bd) ভর্তির আবেদন করা যাবে। এ বছর এক হাজার পাঁচশত পঞ্চাশ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের মোবাইল/অনলাইন ব্যাকিং সেবার (বিকাশ/নগদ/রকেট) মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন ফি জমা দিতে হবে।  

তিনি আরও বলেন, ভর্তিচ্ছুদেরকে অবশ্যই ২০২২ অথবা ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক/সমমান এবং ২০১৯, ২০২০ অথবা ২০২১ সালে মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবারের ভর্তি পরীক্ষায় ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd) পাওয়া যাবে। 

ইত্তেফাক/এআই