গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত ইবি 

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১৬:২১

২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। এ উপলক্ষে ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করতে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার শৃঙ্খলা রক্ষা কমিটির আহবায়ক ও প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ। এসময় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. বাকী  বিল্লাহ (বিকুল) প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় প্রক্টর বলেন, ইবি কেন্দ্রে প্রথম দিন এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬ হাজার ৪৪২ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। ৬ টি ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসের সর্বোচ্চ শৃঙ্খলা রক্ষার্থে আমরা বদ্ধপরিকর। বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে ভর্তি পরীক্ষার শৃঙ্খলা কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ক্যাম্পাসের ভেতরে ও বাহিরে র‍্যাবের সার্বক্ষণিক টহলের ব্যবস্থা থাকবে। ভর্তি পরীক্ষা যেন নকল ও প্রক্সি মুক্ত হয় সেজন্য আমাদের নজরদারি অব্যাহত থাকবে। 

সার্বিক নিরাপত্তা বজায় রাখতে প্রক্টরিয়াল বডির সাথে বিএনসিসি রোভার স্কাউটের ৬২ জন সদস্য বিভিন্ন ভবনে দায়িত্ব পালন করবেন, পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তায় ১৭৫ জন পুলিশ সদস্য এবং ২৩ জন পোশাকধারী আনসার সদস্য দায়িত্বে থাকবেন। 

তিনি আরও বলেন, ক্যাম্পাসে ১০০ জন ভ্যান চালকদের পোশাক ও আইডি কার্ড প্রদান করা হয়েছে। অনুমতি সাপেক্ষে প্রয়োজনে তারা মেইন গেইট থেকে শিক্ষার্থীদের বিভিন্ন ভবনে পৌঁছে দেয়ার কাজ করবে। এছাড়া গাড়ি পার্কিং করার ক্ষেত্রে কুষ্টিয়া হতে আগত শিক্ষার্থীদের ৩ নং গেইটে (ডরমেটরি গেইট) নামিয়ে দিয়ে শান্তিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাড়ি অবস্থান করবে এবং ঝিনাইদহ থেকে আগত শিক্ষার্থীদের শেখপাড়া বাজারে নামিয়ে দিয়ে ডিএম কলেজে গাড়িসমূহ অবস্থান করবে। 

ইত্তেফাক/এআই