যান চলাচল বন্ধ
খবির উদ্দিন, তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা
গত বছরের বন্যায় ব্রিজটির গাইড ওয়াল ভেঙে নদীতে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। ব্রিজটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। গত বছর থেকে যান চলাচল বন্ধ রয়েছে। উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের নেকিরহাট এলাকার খারুভাজ নদীর ওপর নির্মিত ব্রিজটি ভেঙে পড়ায় ২৪টি গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, তারাগঞ্জ উপজেলার শেষ সীমানায় হাড়িয়ারকুঠি ইউনিয়ন। তারাগঞ্জ উপজেলা পরিষদ ও তারাগঞ্জ শহরের সঙ্গে রংপুর শহরের যোগাযোগ সহজ করতে ১৯৯৬ সালে খারুভাজ নদীর ওপর নেকিরহাট এলাকায় ব্রিজটি নির্মাণ করা হয়। এর দৈর্ঘ্য ৫ মিটার ও প্রস্থ ৫.৫ মিটার। গত বছরের ভয়াবহ বন্যায় ব্রিজটির গাইড ওয়াল ভেঙে নদীতে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। ফাটল দেখা দেয় বিভিন্ন স্থানে। ওই সময় এলাকার লোকজন ব্রিজটি সংস্কারের জন্য ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেছিলেন। উপজেলা প্রকৌশলীকেও বিষয়টি অবগত করেছিলেন বলে তারা জানান। তারপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্রিজটি মেরামত বা সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি।
হাড়িয়ারকুঠি ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর-রশিদ বাবুল বলেন, ব্রিজটি দিয়ে ২৪ গ্রামের লোকজনসহ স্কুল ও কলেজের প্রায় দেড় হাজার শিক্ষার্থী চলাচল করেন। ব্রিজটি দিয়ে রংপুর শহর বা তারাগঞ্জ শহর যোগাযোগের জন্য সহজ পথ ছিল। এ এলাকার কৃষকরা তাদের উত্পাদিত কৃষিপণ্য নিয়ে অল্প সময়ে যানবাহনে করে নিয়ে যেতে পারতেন। এখন ব্রিজটি ভেঙে যাওয়ায় তাদের বেশি অর্থ ব্যয় করতে হবে।
উপজেলা প্রকৌশলী আলী হায়দার জামান বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ায় ওই স্থানে নতুন ব্রিজ নির্মাণ করার জন্য রংপুর ও ঢাকা প্রকৌশল বিভাগে রিপোর্ট পাঠানো হয়েছে। অল্প দিনের মধ্যেই নতুন ব্রিজ নির্মাণ করা হবে।
