ভুল চিকিত্সায় প্রসূতির মৃত্যু!

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ২২:০০

ডাক্তার ও ক্লিনিক মালিক পলাতক

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

লোহাগড়ার লক্ষ্মীপাশায় মা ক্লিনিকে শুক্রবার বিকালে ভুল চিকিত্সায় প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এদিকে ঘটনার পর থেকে দুই চিকিত্সক ও ক্লিনিক মালিক পলাতক রয়েছেন।

প্রসূতি বিলকিস বেগমের স্বামী কামালসহ পরিবারের সদস্যরা জানান, প্রসববেদনা নিয়ে সকালে মা ক্লিনিকে আসেন উপজেলার সিঙ্গা গ্রামের কাঠ ব্যবসায়ী কামাল শেখের স্ত্রী বিলকিস বেগম (২৫)। ক্লিনিকের চিকিত্সক তাজরুল ইসলাম এ সময় ইনজেকশন দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে অ্যাম্বুলেন্সে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের অভিযোগ, সদর হাসপাতালে নেওয়ার আগেই ক্লিনিকে ভুল চিকিত্সায় বিলকিসের মৃত্যু হয়েছে।

এদিকে সদর হাসপাতাল থেকে বিলকিসের লাশ মা ক্লিনিকের সামনে এনে বিক্ষোভ করেন তার পরিবারের সদস্যসহ স্থানীয়রা।

লোহাগড়া থানার ওসি মোকাররম হোসেন জানান, ডাক্তার সুব্রত ও তাজরুল ইসলাম তাকে সিজার করার প্রস্তুতি নিয়েছিলেন। বিলকিসের মৃত্যুর পর ওই দুই চিকিত্সকসহ ক্লিনিক মালিক শেখ জাহাঙ্গীর আলম পলাতক রয়েছেন। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।