প্রবাসী শ্রমিকদের জন্য ইন্স্যুরেন্সের ব্যবস্থা করছে সরকার

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ২২:০১

— প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী

 সিলেট অফিস

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, সরকার রেমিট্যান্স প্রেরণের উপর ২ ভাগ প্রণোদনার ব্যবস্থা করেছে। সেজন্য বাজেটে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে এ বছর রেমিট্যান্স ২০ বিলিয়নের উপরে চলে যাবে। প্রবাসী দুই প্রকার উল্লেখ করে তিনি বলেন, এক শ্রেণি হচ্ছেন শ্রমিক এবং অপর শ্রেণি হচ্ছেন ব্যবসায়ী। শ্রমিকরা তাদের আয়ের ৯০ ভাগই দেশে পাঠায়। কিন্তু ব্যবসায়ী যারা সেখানে পরিবার নিয়ে থাকেন তাদের আয়ের মাত্র ১০ ভাগ দেশে পাঠান। তাই শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করাই আমাদের প্রধান দায়িত্ব। মন্ত্রী বলেন, প্রবাসী শ্রমিকদের জন্য ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতে যাচ্ছে সরকার। বৈধভাবে যারা বিদেশে গমন করেছেন তাদের এই সুবিধা দেওয়া হবে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সেমিনারে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সিলেট সিটি  করপোরেশনের  মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের  ভারপ্রাপ্ত বিভাগীয়  কমিশনার  তাহমিদুল  ইসলাম প্রমুখ।