স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর মহানগরীর চকবাজার এলাকার নিজ মেস থেকে কৃষ্ণ চন্দ্র (২০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে পার্কের মোড় চকবাজার এলাকার ছায়ানীড় ছাত্রাবাস থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত কৃষ্ণ চন্দ্র লালমনিরহাটের আদিতমারী উপজেলার বালাপুকুর এলাকার অনীল চন্দ্রের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, কৃষ্ণ চন্দ্র অনার্স ভর্তি পরীক্ষার্থী ছিল। গত বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেও কোথাও উত্তীর্ণ হয়নি। রংপুরের চকবাজারের ঐ মেস থেকে ভর্তি প্রস্তুতি ও টিউশনি করাতেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে টিউশনি শেষে ছাত্রাবাসের অন্য এক কক্ষে দরজা লাগিয়ে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করে।
তাজহাট মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকোনুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্ত করে তার পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
