মো. সোয়েব মেজবাহউদ্দিন
রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে বসবাসকারী মানুষের দৈনন্দিন জরুরি প্রয়োজনীয় জিনিসের মধ্যে অন্যতম হচ্ছে গ্যাস। বর্তমানে গ্যাস শুধু রান্নার কাজে ব্যবহূত হচ্ছে না—ব্যবহূত হচ্ছে যানবাহনে, বিভিন্ন কল কারখানাতেও। গ্যাসের দাম বাড়লে সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে যায়। কারণ গ্যাসের দাম বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহনের ভাড়া বাড়ে, বিভিন্ন কারখানার উত্পাদন খরচ বেড়ে যায়, ফলে ব্যবসায়ীরা পণ্য রপ্তানিতে হিমসিম খায়, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ে। একদিকে যেমন ট্যাক্সের বোঝা অন্যদিকে গ্যাসের দাম বৃদ্ধি জনসাধারণের ওপর খাড়ার ঘা। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন গণশুনানি করার পর গ্যাসের মূল্য বৃদ্ধির যথাযথ কারণ ব্যাখ্যা করতে ব্যর্থ হবার পরও হঠাত্ করে এই মূল্য বৃদ্ধি সরকারকে বিপাকে ফেলা বৈ নয়!
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন গ্যাসের অপচয় রোধ এবং ঘাটতি পূরণের যে অজুহাত দেখাচ্ছে, তা হাস্যকর। কারণ গ্যাসের অপচয় রোধ এবং ঘাটতি পূরণের লক্ষ্যে গ্যাসের দাম বাড়ানোর পরিবর্তে গ্যাস ব্যবহারে মিটার পদ্ধতি চালু করা হোক। অথবা হাজার হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলে গ্যাসের অপচয় ১০০ ভাগ প্রতিরোধ করা সম্ভব। কিন্তু গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কোনো পদক্ষেপ না নিয়ে একতরফা গ্যাসের দাম বাড়ানো হলো কেন? বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন এর কী জবাব দেবে? দেশে যখন বিভিন্ন নদী ও খালের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান পরিচালনা করছে না কেন? অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না করে গ্যাসের অপচয় রোধ করা এবং ঘাটতি পূরণের নামে গ্যাসের দাম বাড়ানো কোনো কাজের কথা নয়। যারা এই অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া উচিত। এতে যেমন গ্যাসের অপচয় রোধ করা সম্ভব হবে, তেমনি দুর্নীতিবাজ কর্মকর্তা চিহ্নিত হবে। পরিশেষে, গ্যাসের দাম আগেরটাই রাখুন, গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করুন এবং মিটার সিস্টেম গ্যাস ব্যবহার চালু করুন; দেখবেন গ্যাসের অপচয় রোধ করা এবং ঘাটতি পূরণ করা খুব সহজ হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনেন চেয়ারম্যানের কাছে অুনরোধ—দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হোন। অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনে সমান অপরাধী।
ঢাকা
