বরিশালের মুলাদীতে নিখোঁজের দুই দিন পর ইয়াসমিন (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।গত বৃহস্পতিবার রাতে তিনি নিখোঁজ হন।
শনিবার সকাল ৯টার দিকে মুলাদী থানা পুলিশ উপজেলার রামচর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে। ইয়াসমিন ওই গ্রামের আরিফ হোসেন হাওলাদারের স্ত্রী ও উপজেলার নাজিরচর ইউনিয়নের চিলমারী গ্রামের মোহাম্মাদ হোসেন মৃধার মেয়ে।
আরও পড়ুন: আদমদীঘিতে কিশোরীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১
আরিফ হোসেন জানান, ২/৩ বছর ধরে ইয়াসমিন বেশিরভাগ সময় নামাজ পড়তেন। সময়ে-অসময়ে সে নামাজ পড়তো। আচরণ অস্বাভাবিক হওয়ায় প্রায় ৩মাস আগে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানেও সে একই আচরণ করতো।
মোহাম্মদ হোসেন মৃধা জানান, গত বৃহস্পতিবার রাতে তার মেয়ে নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোজাখুজি করে তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে তাদের পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরের একটি টিন খোলা দেখে সন্দেহ হয় এবং সেখান দিয়ে ইয়াসমিনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। সংবাদ পেয়ে মুলাদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ইয়াসমিনের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এব্যাপারে মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল আহসান জানান, ইয়াসমিনের পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্য হারিয়ে সে আত্মহত্যা করতে পারে।ময়না তদন্ত রির্পোট আসার পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এমআরএম
