কুমিল্লা সদর দক্ষিণের বিভিন্ন স্কুলে ‘ওয়াটার আওয়ার’ মেনে পাঠদান

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৯:৪০

তীব্র গরমে নাজেহাল জনজীবন। সারা দেশে চলছে তাপ প্রবাহ। এই আবহে স্কুলের ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে ‘ওয়াটার আওয়ার’ চালু করা হয়েছে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন স্কুলে। বিষয়টি নিশ্চিত করতে রোববার (২৮ এপ্রিল) উপজেলার স্কুল গুলোতে সরেজমিনে উপস্থিত হয়েছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম।

‘ওয়াটার আওয়ার’-এ একটি নির্দিষ্ট সময় পর পর ছাত্র-ছাত্রীরা পানি পান করছে। এই গরমে এভাবে নিয়ম করে পানি পান করায় ছাত্র-ছাত্রীদের শরীরে পানির ঘাটতি কিছুটা হলেও কমানো সম্ভব বলে জানিয়েছে স্থানীয় উপজেলা ও স্কুল প্রশাসন।

বিভিন্ন স্কুলে ‘ওয়াটার আওয়ার’ পরিদর্শন করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম বলেন, তীব্র গরমে অতিরিক্ত ঘাম হচ্ছে। তাই শরীরে আরও পানির প্রয়োজন হচ্ছে। অনেক সময় দেখা যায় শিশুরা সময় মতো পানি পান করে না। ফলে অনেক শিশুই অসুস্থ হয়ে পড়ছে। তাই অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ‘ওয়াটার আওয়ার’ এর মাধ্যমে নির্দিষ্ট সময় অন্তর পানি পান করার ব্যবস্থা চালু করা হয়েছে। ‘ওয়াটার আওয়ারে’ শিক্ষকদের তদারকিতে শিক্ষার্থীরা পানি পান করবে।

কুমিল্লার সদর দক্ষিণের বিভিন্ন স্কুলে ‘ওয়াটার আওয়ার’ মেনে পাঠদান

এদিকে তীব্র গরমের মাঝেই প্রাক-প্রাথমিক ছাড়া সব স্কুল-কলেজ খুলেছে আজ। হিট অ্যালার্টের মধ্যেই শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। তবে কোথাও কোথাও প্রথম দিনে প্রায় ৫০ ভাগ শিক্ষার্থী অনুপস্থিত।

সিদ্ধান্ত অনুযায়ী স্কুলে হয়নি অ্যাসেম্বলি। প্রচণ্ড গরমের মধ্যে স্কুল-কলেজ খোলায় কিছুটা উদ্বিগ্ন অভিভাবকরা। তবে লম্বা ছুটির পর স্কুল খোলায় খুশি কিশোর-কিশোরীরা। ঈদের ছুটি শেষে গত ২১ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ পিছিয়ে দেয়া হয়। এখনও তাপপ্রবাহ না কমলেও শিক্ষণ ঘাটতির কথা মাথায় রেখে নানা নির্দেশনা দিয়ে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত হয়।

ইত্তেফাক/এএইচপি