সেনাবাহিনীর ভলিবল প্রতিযোগিতা সমাপ্ত

আপডেট : ০১ মে ২০২৪, ১৫:০০

বাংলাদেশ সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) কক্সবাজারের রামুতে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি থেকে বিজয়ীদের পুরস্কার তুলে দেন।

প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন সেনা অঞ্চলের মোট ১৬টি দল অংশ নেয়। এতে ৩৩ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং রানার-আপ হয় ২৪ পদাতিক ডিভিশন দল।

প্রতিযোগিতায় বিশেষ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের জন্য ইউপি সার্জেন্ট রাজু আহমেদ শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় এবং ইউপি ল্যান্স কর্পোরাল মোঃ সিফাত হোসেন শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় নির্বাচিত হন। সমাপনী অনুষ্ঠানে ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কক্সবাজার এরিয়া কমান্ডার ছাড়াও ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে সেনা সদস্যদের মধ্যে শারীরিক উৎকর্ষ, খেলাধুলার মান উন্নয়ন, খেলোয়াড়সুলভ মনোভাবের বিকাশ এবং পারস্পরিক সৌহার্দ্য আরও মজবুতের উদ্দেশ্যে গত ২২ এপ্রিল থেকে প্রতিযোগিতা শুরু হয়।

ইত্তেফাক/এসকে