নির্বাচন নিয়ে গুজব ছড়ালে মামলা

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ২৩:১২

নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া সংবাদ প্রচার এবং অপপ্রচার হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দায়েরসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ইসি নিজস্ব টিম দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং করবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল ইসি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে অপপ্রচার ও ভুয়া সংবাদ প্রচার রোধে করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে। বিটিআরসি, পুলিশ, সিআইডি, র্যাব, সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা, দপ্তরের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, প্রশাসন ইতোমধ্যে ২৪ ঘণ্টা মনিটরিং শুরু করেছে। আমরাও সোমবার থেকে মনিটরিং করব। এজন্য আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শাখার (আইসিটি) কর্মকর্তাদের সমন্বয়ে একটি নিজস্ব মনিটরিং টিম করা হবে। এ ছাড়া থাকবে গোয়েন্দা নজরদারিও।