ভারতে লোকসভা নির্বাচন ২০২৪ 

তৃতীয় দফায় ভোটার উপস্থিতি ৬০ শতাংশ 

আপডেট : ০৭ মে ২০২৪, ২১:১৭

ভারতে লোকসভা নির্বাচনে মোট সাত দফার ভোটগ্রহণে আজ (মঙ্গলবার) তৃতীয় দফা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দুটি পর্বে তুলনামূলকভাবে কম ভোটদানের হার ছিল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই রিপোর্ট লেখা পর্যন্ত তৃতীয় পর্বের ভোটগ্রহণে আজ ভোটার উপস্থিতি ছিল ৬০ দশমিক ৬ শতাংশ। 

দেশটিতে আজ ১০টি রাজ্যে ৯৩টি আসনে ভোটগ্রহণ হয়েছে। এনিয়ে সারা ভারতের ৫৪৩টি আসনের মধ্যে অর্ধেকেরও বেশি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হলো। এই ধাপের নির্বাচনে দেশটির বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে প্রহ্লাদ জোশি ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কংগ্রেসের দিগ্বিজয় সিং, এনসিপি (এসপি)-এর সুপ্রিয়া সুলে ও সমাজবাদী পার্টির ডিম্পল যাদব আজ তৃতীয় ধাপের লোকসভা নির্বাচনে ভোটে লড়েছেন। 

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহমেদাবাদে আজ সকালে ভোট দিয়েছেন। এছাড়া অমিত শাহ, কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে, স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মানদাভিয়া, গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র পাটেলও ভোট দিয়েছেন। 

এদিন ভারতের যে ৯৩টি আসনে ভোট হচ্ছে, তার মধ্যে রয়েছে গুজরাটে ২৫টি, কর্নাটকে ১৪টি, মহারাষ্ট্রে ১১টি, উত্তরপ্রদেশে ১০টি, মধ্যপ্রদেশে ৯টি, ছত্তিশগড়ে ৭টি, বিহারে ৫টি, পশ্চিমবঙ্গে ৪টি, আসামে ৪টি ও গোয়াতে ২টি আসন।

এছাড়া দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউ – এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের দুটি আসনেও আজ ভোটগ্রহণ হয়েছে। 

ইত্তেফাক/এসআর