টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের টেকনাফে দমকা বাতাসে প্রধান সড়কে গাছ পড়ে প্রায় ৬ ঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ থাকে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মীরা দ্রুত এগিয়ে আসায় ৬ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, শনিবার ভোরে প্রবল বৃষ্টি আর দমকা বাতাসে কক্সবাজার-টেকনাফ সড়কের মোচনীর দক্ষিণ পার্শ্বের বড়ো একটি শিশুগাছ প্রধান সড়কের উপরে পড়ে যায়। সকাল হলে স্থানীয় ও দূরপাল্লার শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে সওজের লোকজন দুর্যোগপূর্ণ পরিবেশে কাজ শুরু করে দুপুর ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কের যাতায়াত প্রতিবন্ধকতা দূর করলে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় ইউপি মেম্বার মোহাম্মদ আলী জানান, দমকা হাওয়ায় বড়ো গাছ পড়ে যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে। এ ব্যাপারে সওজের স্টক ইয়ার্ডে কর্মরত জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনসাধারণ এবং সওজের কর্মীরা দ্রুত গাছটি অপসারণ করে যান চলাচলের ব্যবস্থা করে।
বিলম্বে হলেও কক্সবাজার-টেকনাফ সড়কে যানজট নিরসন হওয়ায় ভুক্তভোগী যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এর আগে অসংখ্য যানবাহন উভয় পাশে আটকা পড়ে।
