খালিয়াজুরীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ২২:০০

খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা

খালিয়াজুরীতে শুক্রবার রাতে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সুশেন তরফদার (৩২)। সে উপজেলার নগর ইউনিয়নের বল্লভপুর কালিহাটি গ্রামের হরেন্দ্র তরফদারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য ও সুশেনের ভাবী সুচিত্রা তরফদার জানান, বৃহস্পতিবার রাতে সুশেন একাই আদমপুর বাজার থেকে প্রায় ৫শ গজ দূরে পানি বাড়িতে যাচ্ছিল ইঞ্জিনচালিত ছোটো নৌকা নিয়ে। এরপর সে নৌকাসহ নিখোঁজ হয়। পরে স্বজনরা তার লাশ পাশের গ্রাম বল্লভপুর কালিহাটি সংলগ্ন ভাসান পানিতে ভাসমান অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। কিছুটা দূরে নৌকাও পাওয়া যায়।

খালিয়াজুরী থানার ওসি এটি এম মাহমুদুল হক জানান, এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।