শ্রম অভিবাসন খাতই হবে অন্যতম এক হাতিয়ার —কর্মসংস্থান প্রতিমন্ত্রী

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ২২:০৭

সিলেট অফিস

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, আগামী দিনের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় শ্রম অভিবাসন খাতই হবে আমাদের অন্যতম এক হাতিয়ার। তিনি বলেন দক্ষ শ্রমিকের চাহিদা এখন সর্বত্র। যত দক্ষ শ্রমিক পাঠাতে পারব, তত আমরা লাভবান হব।

শুক্রবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা এবং বাস্তব প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জনই নিরাপদ অভিবাসনের একমাত্র উপায় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় মন্ত্রী আরো বলেন, অভিবাসন হতে হবে নিরাপদ। এ খাতকে এগিয়ে নিতে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে হবে। তাহলেই আমরা আমাদের টেকসই উন্নয়নের পথে আরেক ধাপ এগিয়ে যাব। তিনি আরো বলেন, বিদেশগামীদের সাথে কিছু রিক্রুটিং অ্যাজেন্সি প্রতারণা করছে। সেসব অ্যাজেন্সি তাদের ভুল বুঝিয়ে এবং মিথ্যা তথ্য দিয়ে বিদেশে পাঠাচ্ছে। ফলে তারা পরে বিপদে পড়ছেন।