বোনের এসএসসি পাসের দিনে পানিতে ডুবে ভাইয়ের করুণ মৃত্যু

আপডেট : ১২ মে ২০২৪, ১৯:০৫

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বড় বোনের এসএসসি পাসের দিনে পানিতে ডুবে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আনন্দের বদলে পরিবারে নেমে এসেছে বিষাদের সুর। আজ রোববার (১২ মে) সকালে উপজেলার তারাশী গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত রিফাত শেখ (৩) তারাশী গ্রামের জাহিদুল শেখের ছেলে। তার বড় বোন মরিয়ম খানম এবার মানবিক বিভাগ থেকে এসএসসি পাশ করেন। আজ সকালে পরীক্ষার ফলাফল জানতে পেরে পুরো বাড়িতে হৈ চৈ শুরু হয়। এর একটু পরেই বাড়ির ছোট ছেলে রিফাত শেখ পানিতে ডুবে মারা যায়। 

মৃত রিফাত শেখের মামা হাফিজুর শেখ জানান, আজ সকালে তার ভাগনি মরিয়ম খানমের এসএসসির ফলাফল প্রকাশ পায়। জিপিএ ৪.৩৯ পেয়ে মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ হয় সে। এতে পরিবারের সবাই খুশি হয়। এ সময় বাড়ির বাইরে খেলতে থাকা মরিয়মের ছোট ভাই রিফাত শেখকে দেখতে না পেয়ে সবাই খোজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পর পাশের দিঘির পানিতে ভাসতে দেখা যায় রিফাতকে। দ্রুত তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ইত্তেফাক/ডিডি