সিরাজগঞ্জ-৫ আসনে ২ মেজরের মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা বিএনপি নেতা। এর মধ্যে সাবেক প্রতিমন্ত্রী মেজর (অবঃ) মনজুর কাদেরকে ঋণ খেলাপির দায়ে এবং চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অবঃ) আব্দুল্লাহ আল মামুনকে জনপ্রতিনিধির পদ থেকে অব্যহতির পত্র দাখিল না করায় জেলা রিটারনিং কর্মকর্তা সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দীকা তাদের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি, চৌহালী, এনায়েতপুর) আসনে স্থানীয় সাংসদ মণ্ডল গ্রুপের চেয়ারম্যান আব্দুল মজিদ মণ্ডলের ছেলে আব্দুল মোমিন মণ্ডল (আওয়ামী লীগ), সাবেক এমপি মেজর (অবঃ) মনজুর কাদের (বিএনপি), কেন্দ্রীয় বিএনপির সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম (বিএনপি), জেলা বিএনপির সহ-সভাপতি রকিবুল করিম খান পাপ্পু (বিএনপি), চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) আব্দুল্লাহ আল মামুন (বিএনপি), জাতীয় পার্টির কেন্দ্রীয় তাঁতী পার্টির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন (জাতীয় পার্টি), জামায়াত নেতা অধ্যক্ষ আলী আলম (স্বতন্ত্র), বিল্পবী ওয়ার্কাস পার্টির আব্দুর নুর, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের লোকমান হোসেন গত ২৮ নভেম্বর মনোননয়ন পত্র জমা দেন। রবিবার যাছাই-বাছাইয়ের শেষ দিনে ৯ জন প্রার্থীর মধ্যে ৩ জনের অসঙ্গতি থাকায় তাদের প্রার্থীতা বাতিল করা হয়। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা আলী আলমের এক শতাংশ সমর্থক তালিকায় স্বাক্ষরে ভুল থাকায় তাকে বাতিল করা হয়েছে।
এদিকে দুই মেজরের প্রার্থীতা বাতিলে এলাকা জুড়ে আলোচনার ঝড় উঠেছে। তারা দুজনেই আপিল করবেন বলে সমর্থকরা জানিয়েছে।
ইত্তেফাক/আরকেজি
