এবার লখনৌর অনেক স্কুলে বোমা হামলার হুমকি

আপডেট : ১৪ মে ২০২৪, ১০:৫৩

রাজধানী নয়াদিল্লির পর এবার ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে অনেক স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ইমেইলের মাধ্যমে দেওয়া এই হুমকির পর স্কুলগুলোতে আতঙ্কের সৃষ্টি হয় এবং শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। খবর এনডিটিভি'র।

সোমবার লখনৌয়ের গোমতী নগরের বেশ কয়েকটি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এতে করে স্কুল কর্তৃপক্ষ এবং শিশুদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। হামলার হুমকি পাওয়ার পর সব ছাত্র-ছাত্রীকে ক্লাস থেকে বের করে খেলার মাঠে নিয়ে যাওয়া হয়। পরে তাদেরকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য শিক্ষার্থীদের বাবা-মাকে খবর দেওয়া হয়। এসব স্কুল বোমা হামলায় উড়িয়ে দেওয়ার হুমকি সম্বলিত একটি ইমেইল পেয়েছে। খবর পেয়ে পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল স্কুলগুলোতে পৌঁছে তদন্ত শুরু করে। যেসব স্কুল হুমকি-সম্বলিত মেইল ??পেয়েছে তার মধ্যে ভিবগ্যর হাই স্কুল, এলপিএস পিজিআই শাখা এবং সেন্ট মেরি স্কুলও রয়েছে।

পুলিশ জানিয়েছে, স্কুলগুলোতে কোনো অপরাধমূলক বস্তু পাওয়া যায়নি এবং সাইবার সেল এই ইমেইলগুলো কোথা থেকে পাঠানো হয়েছে সে সম্পর্কে তদন্ত করছে। এর আগে চলতি মাসের শুরুতে বোমা ও বিস্ফোরক পুঁতে রাখা হয়েছে জানিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লির প্রায় ১০০ স্কুলে ই-মেইলে হুমকি দেওয়ার ঘটনা ঘটে। এরপরই কর্তৃপক্ষ স্কুল খালি করে ব্যাপক তল্লাশি শুরু করে। এছাড়া স্কুল থেকে সে সময় শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

এমনকি বোমা হামলার হুমকির ই-মেইল ঘিরে দিল্লিতে ব্যাপক তুলকালাম শুরু হয়। অবশ্য স্কুলগুলোতে তল্লাশির সময় কোনো কিছুই পাওয়া যায়নি।

ইত্তেফাক/এএইচপি