১৯৮১ সালে এক বিরুদ্ধ সময়ে জোট বাঁধে একঝাঁক তরুণ। সে বছর ৬ জুলাই গঠিত হয় লোক নাট্যদল। এরপর মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে এগিয়ে চলে দলটি। নাট্যজন লিয়াকত আলী লাকী, কামরুন নূর চৌধুরীসহ তারুণ্যনির্ভর দলটি মঞ্চে এনেছে একের পর এক দর্শকনন্দিত প্রযোজনা। পরবর্তীতে নাট্যদলটি বিভক্ত হয়ে পরিণত হয় লোক নাট্যদল সিদ্ধেশ্বরী ও বনানী নামে। সময়ের সে াতধারায় শনিবার লোক নাট্যদলের উভয় অংশ পদার্পণ করে প্রতিষ্ঠার ৩৮তম বছরে। সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে ছিল সিদ্ধেশ্বরী অংশের আনন্দ আয়োজন। আর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের আয়োজনে ছিল বনানী অংশ। উভয় আয়োজনে গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান, নাট্যকর্মীদের আনন্দ আড্ডাসহ ছিল নাট্য প্রদর্শনী।
লোক নাট্যদল সিদ্ধেশ্বরীর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি অনুষ্ঠিত হয় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে। সে আয়োজনে দুই দশক পর আবারও প্রদান করা হয় লোক নাট্যদল স্বর্ণপদক। এ বছর সম্মাননা পেয়েছেন প্রয়াত নাট্যজন কল্যাণ মিত্র, অধ্যাপক আবদুস সেলিম ও তারিক আনাম খান। অনুষ্ঠানে শিল্পকলা একাডেমি থেকে প্রকাশিত ‘কল্যাণ মিত্রের নাট্যসমগ্র’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি ছিলেন কথাশিল্পী ও শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। সভাপতিত্ব করেন লোক নাট্যদল সিদ্ধেশ্বরীর দলপ্রধান লিয়াকত আলী লাকী।
সম্মাননা ও আলোচনা পর্ব শেষে মঞ্চস্থ হয় বুদ্ধদেব বসুর গল্প অবলম্বনে লিয়াকত আলী লাকী নির্দেশিত দলের নতুন প্রযোজনা ‘আমরা তিনজন’। এর আগে শুক্রবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হয় লিয়াকত আলী লাকীর পরিকল্পনা, সংগীত পরিচালনা ও নির্দেশনায় ময়মনসিংহ গীতিকা অবলম্বনে পদাবলী যাত্রা ‘সোনাই মাধব’।
মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে লোক নাট্যদল বনানীর আয়োজনে সম্মাননা প্রদান করা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা দেশের বিশিষ্ট সংগীত পরিচালক, গীতিকার ও সুরকার সুজেয় শ্যামকে। চার দিনব্যাপী উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। বিশেষ অতিথি ছিলেন আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সেক্রেটারি জেনারেল দেবপ্রসাদ দেবনাথ। সভাপতিত্ব করেন লোক নাট্যদলের উপদেষ্টা মোহিনী মোহন চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য দেন দলের সভাপতি অভিজিত্ চৌধুরী। উদ্বোধনী আয়োজনে ছিল নৃত্য-গীতে সজ্জিত সাংস্কৃতিক পরিবেশনা। সব শেষে মঞ্চস্থ হয় কামরুন নূর চৌধুরী নির্দেশিত রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘বৈকুণ্ঠের খাতা’।
আজ রবিবার উত্সবের দ্বিতীয় দিন সন্ধ্যায় একই মিলনায়তনে মঞ্চস্থ হবে লোক নাট্যদল বনানীর আরেক নাটক ‘সোনাই মাধব’। সোমবার একই মিলনায়তনে মঞ্চস্থ হবে ‘কঞ্জুস’। ১১ জুলাই শিল্পকলার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে ‘ঠিকানা’।
