রংপুরের হারাগাছ পৌর শহরের ধুমগাড়া গ্রামে মদপান করে গত তিন দিনে পাঁচজন মারা গেছে এবং দুইজন চিকিত্সাধীন রয়েছে। এদিকে মামলা ও সামাজিক মর্যাদাহানির ভয়ে পরিবারের লোকজন মদপানে মৃত্যুর ঘটনা গোপন রাখেন।
জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় হারাগাছ ধুমগড়া গ্রামের আমরুল ইসলাম (৪০), ক্যালেনটারী গ্রামের আনারুল (৪৪), একই গ্রামের চাঁন মিয়া (৩৬), মিলনবাজার গ্রামের এজারুল ইসলাম (৩৮), সারাই কাসাইটারী গ্রামের ফুলবাবু (৫২), একই গ্রামের ওবায়দুল (৪৭) এবং পশ্চিম পোদ্দারপাড়া গ্রামের নুর আমিন ড্রাইভার (৪৩) হারাগাছ থানার চরচতুরা গাছবাড়ী এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে দেশি চোলাই মদ পান করে বাড়ি ফিরে যান। অতিরিক্ত মদপানে সোমবার রাতেই আমরুল ইসলাম মারা যায়। মঙ্গলবার দুপুরে আনারুল ও এজারুল রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। বুধবার সন্ধ্যায় নুর আমিন ড্রাইভার ও ফুলবাবু হাসপাতালে মারা যায়। এছাড়া ওবায়দুল ও চাঁন মিয়া রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।
হারাগাছ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মামুদার রহমান বলেন, মদপানে পাঁচজন মারা যাওয়ার বিষয়টি গ্রামের লোকজনের মাধ্যমে জানতে পেরেছি। হারাগাছ থানার ওসি (অপারেশন) মো. রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। তবে ঘটনার পরেই চরচতুরা গ্রামের চোলাই মদ বিক্রেতা নাজমুল গা ঢাকা দিয়েছেন। পুলিশের রংপুর মাহিগঞ্জ জোনের এসি মো. ফারুক আহমেদ জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
