বাণিজ্য সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি প্রয়োজন

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ০০:১৫

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, দেশে ব্যবসা-বাণিজ্য সহজতর করতে ‘ওয়ান-স্টপ’ সেবা অবিলম্বে চালু করা প্রয়োজন। তিনি বলেন, বাণিজ্যিক আইন প্রণয়ন ও আনুষ্ঠানিক বিচারব্যবস্থা বা সালিশের মধ্য দিয়ে বাণিজ্য সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়টি অস্বীকার করার সুযোগ নেই। বিষয়টি বাংলাদেশের বাণিজ্যিক অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। গতকাল শনিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ‘কর্মাশিয়াল লিগ্যাল প্র্যাকটিসেস এন্ড রিসেন্ট ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনারে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য হচ্ছে গণতান্ত্রিক সমাজের গুরুত্বপূর্ণ অংশ, যা অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়তা করে। এছাড়া ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আকর্ষণীয় হতে হবে যাতে ব্যবসায়িক সম্প্রদায় বিনিয়োগ করতে আকৃষ্ট হন। তবে আমাদের দেশে নানা কারণে ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত আইনি চর্চা উত্সাহব্যঞ্জক নয়। বিচারক ও আইনজীবীদের দেশের বাণিজ্য সংক্রান্ত সর্বশেষ আইনগুলো সম্পর্কে যথেষ্ট পরিচিত হতে হবে। আমি বিশ্বাস করি সেমিনারটি অংশগ্রহণকারীদের এবং বাণিজ্যিক অনুশীলনকারীদের ওপর বাণিজ্যিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সহায়ক হবে।

জুডিশিয়াল রিফর্মস সংক্রান্ত সুপ্রিম কোর্টের বিশেষ কমিটি ও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। বিশেষ কমিটির চেয়ারম্যান আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. ইমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাণিজ্য সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।